Image description

দেশে ছাপানো টাকার সংকট দেখা দিয়েছে, যার কারণে ব্যাংক ও এটিএম বুথে নগদ টাকা সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। অনেক জায়গায় গ্রাহকেরা ছেঁড়া-ফাটা নোট পাচ্ছেন এবং বেশির ভাগ এটিএম বুথে টাকা না থাকার অভিযোগও উঠেছে।

এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক পুরোনো নকশার, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরযুক্ত প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার নোট বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা বা কার্যবিবরণীতে বড় ধরনের উল্লেখ ছিল না। খুব শিগগিরই সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, কোরবানির ঈদের সময় নগদ টাকার চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ওই সময় টাকশাল থেকে চাহিদার অর্ধেকেরও কম নোট সরবরাহ করা সম্ভব হয়। পাশাপাশি ঈদের পর বিভিন্ন ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংক থেকে নগদ উত্তোলন বেড়ে যাওয়ায় বাজারে নগদের চাপ আরও বাড়ে।

সব মিলিয়ে চলমান নগদ টাকার সংকট কাটাতে ইতোমধ্যে প্রস্তুত থাকা পুরোনো নকশার বিপুল পরিমাণ নোট ধাপে ধাপে বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নকশার নোট ছাপানোর কার্যক্রমও দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে বঙ্গবন্ধুর ছবিযুক্ত প্রায় ১৬ হাজার কোটি টাকার নোট মজুদ থাকলেও সেগুলো আপাতত বাজারে ছাড়া হবে না বলে জানা গেছে।