Image description

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর পুলিশের সাথে গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) সকালে পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড শহরে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। মিডল্যান্ডের মেয়র লরি ব্লং গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত ১১ জন হতাহতের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলাকারী নিহত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কিছুটা কমেছে।

মিডল্যান্ড পুলিশ প্রধান গ্রেগ স্নো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে জানান, শুক্রবার সকালে ৪৬০০ ব্লক ওয়েস্ট ওয়াল স্ট্রিট এলাকার একটি ভবন থেকে আকস্মিক গুলির শব্দ শুনতে পান দায়িত্বরত কর্মকর্তারা। দ্রুত পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। কয়েক ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের অবসান ঘটে হামলাকারীর মৃত্যুর মাধ্যমে। তবে হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে নাকি নিজে আত্মহত্যা করেছে, তা এখনো তদন্তাধীন।

এদিকে গুলিবিদ্ধদের মধ্যে ৯ জনকে দ্রুত স্থানীয় মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র তাসা রিচার্ডসন জানিয়েছেন, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হচ্ছে। বাকি ৫ জনের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর