Image description

পাকিস্তানে পুলিশের গুলিতে ৯ বছর বয়সী এক অস্ট্রেলীয় শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও বড় ভাই গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাঞ্জাব প্রদেশের চাকওয়ালে।

স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডন এবং দ্য গার্ডিয়ান–এর বরাতে জানা যায়, গত বুধবার রাতে একটি পরিবার ভাড়া করা গাড়িতে করে আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। পথিমধ্যে তারা একটি ছিনতাইয়ের ঘটনার মধ্যে পড়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই মোটরসাইকেল আরোহী ডাকাত পালিয়ে যায়। পরে ভাড়া করা গাড়িটি দ্রুত সেখান থেকে চলে গেলে পুলিশ সেটিকে ভুলবশত ডাকাতদের গাড়ি ভেবে গুলি চালায়।

গুলিবর্ষণে গাড়িতে থাকা পরিবারটি আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ৯ বছর বয়সী শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবা ও ভাই বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। তবে মা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভুক্তভোগী পরিবারকে কনস্যুলার সহায়তা দিচ্ছে। তারা ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।