আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, এই জলপথ দিয়ে ইতোমধ্যেই জাহাজ চলাচল শুরু হয়েছে এবং এর মধ্যে অনেক জাহাজ জ্বালানি তেল বহন করছে।
ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালির একটি নির্দিষ্ট অংশ, যেটিকে তিনি “সাউদার্ন হাইওয়ে” বা দক্ষিণাঞ্চলীয় করিডোর হিসেবে উল্লেখ করেছেন, সেটি বর্তমানে নিরাপদ ও ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে। ওই করিডোর দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে বলেও তিনি দাবি করেন।
তিনি জানান, ওই অঞ্চলে আরও কিছু বিকল্প রুটও রয়েছে, যেগুলো ব্যবহার করা যেতে পারে। তবে এসব বিকল্প পথ সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য দেননি।
ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। তাই সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার খবর আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে এখনো স্বাধীন আন্তর্জাতিক সূত্র থেকে পূর্ণ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা




Comments