Image description

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

২০১৮ সালে একই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে পালু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।

মানবকণ্ঠ/আরআই