যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া নতুন শান্তি সমঝোতার আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর কোনো টোল আরোপ করা হবে না।
মার্কিন কর্মকর্তাদের মতে, চুক্তির শর্ত পূরণ হলে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রায় ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করা হতে পারে। তবে চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি না হওয়া পর্যন্ত এ অর্থ ছাড় করা হবে না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং মোহাম্মদ বাকের গালিবাফ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন বলে দাবি করা হয়েছে।
জে ডি ভ্যান্স জানান, চুক্তিটি সংক্ষিপ্ত আকারের এবং এতে যুদ্ধবিরতি ও শান্তি বজায় রাখার মৌলিক নীতিগুলো অন্তর্ভুক্ত রয়েছে। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি আরও বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পর্যবেক্ষণ ও ধ্বংস কার্যক্রম তদারকির জন্য আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞ ও মার্কিন প্রতিনিধিদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।
চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করতে চলতি সপ্তাহে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর জেনেভা-তে আনুষ্ঠানিক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments