Image description

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা এবং ইরানি তেল বিশ্ববাজারে ফেরার প্রত্যাশায় বাজারে এই প্রভাব দেখা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৫.৮১ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, নতুন চুক্তির ফলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে অতিরিক্ত তেল সরবরাহের পথ খুলে দিতে পারে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার প্রত্যাশাও বাজারকে প্রভাবিত করেছে।

১৪ দফার সমঝোতায় আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইরানের পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলে আগামী বছরগুলোতে বৈশ্বিক বাজারে অতিরিক্ত সরবরাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

বিশ্লেষকদের ধারণা, চুক্তির বাস্তবায়ন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের গতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর আগামী দিনে তেলের বাজারের গতিপ্রকৃতি নির্ভর করবে।

মানবকণ্ঠ/আরআই