Image description

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অভ্যন্তরীণ মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর বরাতে বলা হয়েছে, ট্রাম্প নাকি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা কঠিন এবং তিনি প্রায়ই “অতিরিক্ত সামরিক পদক্ষেপের দিকে ঝোঁকেন”।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কঠোর নীতির সমালোচনা করেন এবং ইঙ্গিত দেন যে নেতানিয়াহু বারবার সামরিক অভিযান বাড়ানোর পক্ষে চাপ দেন। তবে একই সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে “চমৎকার মানুষ” বলেও উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর নিয়মিত ফোনালাপে সাধারণত নতুন সামরিক পদক্ষেপ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েই আলোচনা হতো, যা সময়ের সঙ্গে সঙ্গে পুনরাবৃত্তিমূলক হয়ে উঠেছিল।

তবে হোয়াইট হাউস বা ট্রাম্পের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র অনুযায়ী, এই মন্তব্যগুলো এমন সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ইসরায়েলের সামরিক নীতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

মানবকণ্ঠ/আরআই