Image description

রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বৃহস্পতিবার ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে একই স্থাপনায় এটি দ্বিতীয় হামলা বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

রুশ কর্মকর্তাদের মতে, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাপোতন্যা জেলায় অবস্থিত মস্কো অয়েল রিফাইনারিকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। হামলার পর সেখানে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।

মস্কোর মেয়র জানান, মস্কোর দিকে ধেয়ে আসা ৪০টিরও বেশি ড্রোন রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী এখনও ব্যাপক ড্রোন হামলা প্রতিহত করার কাজ চালিয়ে যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের যাচাই করা ভিডিওতে রিফাইনারিতে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে স্থাপনাটির একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। পরে আরও একটি শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

এর আগে গত মঙ্গলবারও একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল। সে সময় রুশ কর্তৃপক্ষ জানিয়েছিল, হামলায় রিফাইনারি প্রাঙ্গণের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটি এবং সামরিক স্থাপনায় ধারাবাহিক ড্রোন হামলা চালিয়ে আসছে। রুশ কর্মকর্তাদের দাবি, দূরপাল্লার এসব হামলার মাধ্যমে ইউক্রেন ক্রমশ রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, খুব শিগগিরই রাশিয়ার তেল সরবরাহ খাতের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হলে এসব নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলেও জানান তিনি।