Image description

লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (১৯ জুন) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তিচুক্তিতে অন্যতম প্রধান শর্ত ছিল লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা। এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই শর্ত বাস্তবায়নের পথই প্রশস্ত হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা জানান, লেবাননের স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহযোগিতায় এই চুক্তির চূড়ান্ত রূপরেখা তৈরি করেছেন বলেও জানান তিনি।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও লেবাননে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া যায়। এর পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় চারজন ইসরায়েলি সেনাও নিহত হন।

হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, সব ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে তাদের জানিয়েছে ইরান।

এদিকে, লেবাননে ইসরায়েলি হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই সরাসরি দায়ী করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমেইল বাঘায়ি। এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান নিজেদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

মানবকণ্ঠ/আরআই