মোহাম্মদপুরে সন্ত্রাস দমনে দ্রুত কমিউনিটি পুলিশিং চালু হবে: ববি হাজ্জাজ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে খুব শিগগিরই ‘কমিউনিটি পুলিশিং’ ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের বাসিন্দাদের নিয়ে আয়োজিত এক উন্মুক্ত ‘টাউন হল’ আলোচনা সভায় তিনি এ কথা জানান।
সভায় এলাকার সাধারণ মানুষ তাদের প্রাত্যহিক জীবনের নানা জনদুর্ভোগ ও সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
নিরাপত্তা ইস্যুতে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, "এলাকায় নিরাপত্তা টহল বাড়ানোর চেষ্টা চলছে, তবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হওয়া দরকার। নিরাপত্তার অভাবেই আমার সহকর্মী নুর ইসলাম হামলার শিকার হয়েছেন। তাই আমরা কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করতে চাই এবং দ্রুতই এর কমিটি দেওয়া হবে। এই এলাকায় কোনো ধরনের আগ্রাসন বা চাঁদাবাজদের স্থান হবে না।"
এলাকার গ্যাস সংকট নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, "গ্যাসের সমস্যা শুধু এখানে নয়, পুরো বাংলাদেশেই আছে। তবে যেসব জায়গায় আনুষ্ঠানিকভাবে গ্যাসের বরাদ্দ দেওয়া আছে, সেখানে আমরা যথাসময়ে গ্যাস পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে পুরো ঢাকায় গ্যাস লাইন সংযোগ দেওয়ার জন্য কাজ চলমান রয়েছে।"
মানবকণ্ঠ/আরআই




Comments