কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ইরান। পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষের (পিজিএসএ) দেওয়া নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এই প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজকে প্রবেশের আগে অবশ্যই অনুমতির জন্য আবেদন করতে হবে।
নতুন নিয়মে বলা হয়েছে, প্রণালিতে প্রবেশের আগেই জাহাজ পরিচালনাকারীদের পিজিএসএ-এর ওয়েবসাইট অথবা সরকারি ই-মেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। সঠিক তথ্য দিয়ে যথাযথভাবে আবেদন করা হলে দ্রুততম সময়ের মধ্যেই অনুমতি দেওয়া হবে। তবে প্রতিটি আবেদনে জাহাজের সঠিক যোগাযোগের তথ্য দেওয়া বাধ্যতামূলক।
কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালিতে পৌঁছানোর অন্তত ৪৮ ঘণ্টা আগে এই আবেদন জমা দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হতে পারে। এছাড়া, ওই অঞ্চলে এখনো মাইন বা বিস্ফোরক থাকার ঝুঁকি রয়েছে। তাই নিরাপদ চলাচলের স্বার্থে জাহাজগুলোকে আগে থেকেই তাদের রুট ও সময়সূচি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও জানানো হয়েছে, একটি চুক্তির অংশ হিসেবে আগামী ৬০ দিনের মধ্যে জাহাজ মালিকদের কাছ থেকে কোনো ধরনের নিরাপত্তা, সুরক্ষা বা পরিবেশগত সেবার ফি আদায় করা হবে না। এমনকি সংশ্লিষ্ট বীমার যাবতীয় খরচও ইরান সরকারই বহন করবে।
তবে সতর্ক করে বলা হয়েছে, কেউ এই নিয়ম অমান্য করলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট জাহাজ মালিককেই নিতে হবে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তিচুক্তি নিয়ে যখন একধরনের অনিশ্চয়তা বিরাজ করছে, ঠিক তখনই এমন কড়া নির্দেশনা জারি করল তেহরান।
মানবকণ্ঠ/আরআই




Comments