বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে এবং ছন্দহীন পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছে সেলেসাওরা। সেই হতাশা কাটিয়ে জয়ে ফিরতে এবার হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
শক্তির বিচারে হাইতি গ্রুপের সবচেয়ে দুর্বল দল হলেও ব্রাজিল শিবিরে এখন মূল লক্ষ্য শুধু জয় নয়, বরং রক্ষণভাগকে নিশ্ছিদ্র রাখা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্সেনালের অভিজ্ঞ ডিফেন্ডার গাব্রিয়েল মাগালাইস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ক্লিন শিট রাখা বা গোল হজম না করা। তিনি বলেন, “আমরা গোল খেতে চাই না। যদি আমরা গোল হজম না করি, তবে জয়ের পথ অনেক সহজ হয়ে যায়। আমাদের দলগতভাবে রক্ষণ সামলাতে হবে।”
মরক্কোর বিপক্ষে ম্যাচে রক্ষণভাগের বেশ কিছু ভুল চোখে পড়েছিল, যার মাশুল দিতে হয়েছে দলকে। সেই ম্যাচে ভিনিসিউস জুনিয়র ব্যক্তিগত নৈপুণ্য দেখালেও দলগতভাবে ব্রাজিল ছিল নিষ্প্রভ। গাব্রিয়েল সেই ব্যর্থতা স্বীকার করে বলেন, “মরক্কোর বিপক্ষে আমাদের শুরুটা ভালো ছিল না, আমরা সে বিষয়ে সচেতন। ব্রাজিল সব সময় বল নিয়ন্ত্রণে রেখে খেলতে পছন্দ করে। তবে সেই ম্যাচ এখন অতীত, যা থেকে আমরা শিক্ষা নিয়েছি। হাইতির বিপক্ষে আমরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামব।”
বিশ্বকাপের গ্রুপ পর্বে টিকে থাকতে এবং সমর্থকদের মনে হারানো আত্মবিশ্বাস ফেরাতে হাইতির বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল বিশ্লেষকদের মতে, এই ম্যাচটি সেলেসাওদের জন্য ছন্দে ফেরার এবং সমালোচনার জবাব দেওয়ার বড় একটি মঞ্চ।
মানবকণ্ঠ/আরআই




Comments