ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময় পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক মার্ক ক্যাপুটোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল, তবে শেষ মুহূর্তে তিনি হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ট্রাম্পের দাবি, রক্তক্ষয়ী ওই লড়াইয়ের সময় পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত থাকলেও উচ্চপর্যায়ের অনুমতি না মেলায় তা কার্যকর হয়নি। তিনি বলেন, তার মধ্যস্থতা ও অনুরোধের কারণেই দুই পক্ষ বড় ধরনের সংঘাতে না গিয়ে যুদ্ধবিরতির পথে আসে।
তিনি আরও দাবি করেন, ওই সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল এবং পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নিয়েছিল। পাকিস্তান তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাকে সহায়তার অনুরোধ জানায় বলেও তিনি মন্তব্য করেন।
তবে ট্রাম্পের এসব বক্তব্য নিয়ে ভারত-পাকিস্তান বা অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংঘাতের প্রেক্ষাপটে জানা যায়, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর উত্তেজনা বাড়ে। এরপর ৭ মে ভারত পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
জবাবে পাকিস্তানও “অপারেশন বুনয়ান আল-মারসুস” নামে পাল্টা আক্রমণ শুরু করে, যেখানে আন্তঃসীমান্ত হামলা ও সাইবার আক্রমণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১১ মে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।




Comments