মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চূড়ান্ত আলোচনা শুরু
মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে এবং ইরান-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সমঝোতাকে চূড়ান্ত রূপ দিতে সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় শুরু হওয়া এই বৈঠক একটি স্থায়ী ও বিস্তৃত চুক্তির পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সব বিষয় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত চুক্তির শর্তাবলি নির্ধারণের জন্য বিশেষায়িত কারিগরি ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সমঝোতা স্মারকের বাস্তবায়ন তদারকি, অর্জিত অগ্রগতি পর্যবেক্ষণ এবং চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে পৃথক ‘ফলো-আপ’ দলও কাজ শুরু করেছে। এসব উদ্যোগ আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব পক্ষের ইতিবাচক সদিচ্ছার প্রতিফলন বলে মনে করছে কাতার।
বিবৃতিতে কাতার আরও উল্লেখ করেছে যে, আলোচনা সফল করার জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পাকিস্তান এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষগুলোর সঙ্গে তারা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তাদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সংলাপ ও কূটনীতিই সংঘাত মোকাবিলা এবং দীর্ঘস্থায়ী বিরোধ নিষ্পত্তির সবচেয়ে কার্যকর পথ।
উল্লেখ্য, এই আলোচনার লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments