মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন তারেক রহমান। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টা) তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম।
সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশের ‘এক নম্বর এজেন্ডা’ হিসেবে রাখা হয়েছে শ্রম বাজারকে। কুয়ালালামপুর সফরে মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দলিল সই হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে তিনি এই সফর করবেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সোমবার (২২ জুন) দুপুরে তিনি কুয়ালালামপুর থেকে যাত্রা করবেন এবং সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন। সেখানে দু’দিনের রাষ্ট্রীয় সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments