ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেত থেকে ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতের ভেতর কৌশলে চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি বিশাল গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কৃষক ইউসুফ মিয়া তাঁর মরিচ ক্ষেতের ভেতর সবার চোখ ফাঁকি দিয়ে গোপনে একটি গাঁজার গাছ রোপণ করেন। দীর্ঘ প্রায় দুই বছর ধরে পরিচর্যা করায় গাছটি প্রায় ১০ ফুট লম্বা এবং বেশ ঝোপালো আকৃতি ধারণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে অভিযানে নামে পুলিশ।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এএসআই মো. আবু সাঈদ সুজনের নেতৃত্বে দক্ষিণ তিলাইয়ের চরাঞ্চলে বিশেষ অভিযানটি পরিচালিত হয়। এসময় মরিচ ক্ষেত থেকে বিশালাকৃতির গাছটি উপড়ে জব্দ করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, "আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। মাদক কারবারি কিংবা মাদক চাষী—কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
পুলিশ জানায়, সীমান্তঘেঁষা চরাঞ্চলগুলোতে মাদকের অপতৎপরতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments