Image description

চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিল ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে। তবে চোটের কারণে এখনো মাঠে নামা হয়নি দলের সবচেয়ে বড় তারকা নেইমারের। যদিও আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

এদিকে বিশ্বকাপ চলাকালে নেইমারকে নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় এসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলারকে নিয়ে তার করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ব্রাজিলের বেলো হরিজন্তেতে এক অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে লুলা বলেন, “নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম ফুটবলার, যে বাসা থেকে কাজ করে। একেবারে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফুটবলার।”

শুধু নেইমারকে নিয়েই নয়, দল নির্বাচনের বিষয়েও কটাক্ষ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, “ইন্টারনেটে দেখছিলাম, একদিন হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দল নির্বাচন করতে হবে। তখন হয়তো একাদশে ১১ জন পেলেরই জায়গা হবে।”

লুলার এই মন্তব্যের মাধ্যমে মূলত তিনি প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিন চোটে থাকা এবং খেলার অনিশ্চয়তায় থাকা একজন ফুটবলারকে কেন বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দলে রাখা হয়েছে। তার এই রসিকতাপূর্ণ সমালোচনা ইতোমধ্যে দেশটির ফুটবল অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

প্রেসিডেন্টের মন্তব্যকে অনেক ব্রাজিলিয়ান সমর্থক সমর্থনও করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মনে করছেন, দলের স্বার্থে শতভাগ ফিট খেলোয়াড়দেরই সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে নেইমার ভক্তদের একাংশ অবশ্য এই মন্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করছেন।

এখন দেখার বিষয়, স্কটল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য ম্যাচে মাঠে নেমে নেইমার তার সমালোচকদের জবাব দিতে পারেন কি না। ব্রাজিল সমর্থকরাও অপেক্ষায় রয়েছেন দলের সবচেয়ে বড় তারকার প্রত্যাবর্তনের।