Image description

ভেনেজুয়েলার উত্তর উপকূলে নতুন করে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪.৯ মাত্রার এই কম্পন এমন এক সময়ে অনুভূত হলো, যখন গত বুধবারের ভয়াবহ দুটি ভূমিকম্পের ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত পুরো দেশ। 

শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) আশঙ্কা প্রকাশ করেছে যে, এই বিপর্যয়ে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন এবং ১৭২ জনের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। এছাড়া নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। রাজধানী কারাকাসের বেশ কিছু অংশ বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি জানিয়েছে, সর্বশেষ ৪.৯ মাত্রার ভূমিকম্পটি উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হেনেছে। শুক্রবার মারাকাই ও কারাকাস অঞ্চলেও নতুন করে কম্পন অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কিছু এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও জোর তৎপরতা চালানো হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর