গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মক্তব পড়ানোর কথা বলে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দ পাড়া জামে মসজিদে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মনিরের (২০) বাড়ি একই এলাকায়। তিনি ওই এলাকার মিলন মিয়ার ছেলে এবং আকন্দ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও মক্তব শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মসজিদে মক্তব পড়ানো শেষে অন্য শিশুদের ছুটি দিলেও ভিকটিম শিশুকে কৌশলে রেখে দেন মনির। এরপর নির্জন মসজিদে তাকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুটির বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন। খবর পেয়ে সাদুল্যাপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মনিরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রাতেই ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments