Image description

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নতুন একটি বিশেষ স্মারক পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমিত সংখ্যায় প্রকাশিত হতে যাওয়া এই পাসপোর্টের ভেতরের পাতায় ট্রাম্পের প্রতিকৃতি ও তার স্বাক্ষর সংযোজন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা প্রকাশ করেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।’ পাসপোর্টে আরও একটি বার্তা রাখা হয়েছে— ‘স্বাগতম, তবে ভদ্রভাবে থাকুন।’

নতুন এই নকশা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। পাসপোর্টের একটি পাতায় ট্রাম্পের গম্ভীর মুখভঙ্গির ছবি, তার স্বাক্ষর এবং পেছনের অংশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ সংযোজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা একটি ছবির ভিত্তিতে তৈরি।

পাসপোর্টের আরেকটি পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক চিত্রকর্ম ব্যবহার করা হয়েছে। সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ কথাটিও উল্লেখ রয়েছে, যা দেশটির স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে নির্দেশ করে।

হোয়াইট হাউসও একই নকশার পাসপোর্ট প্রকাশ করে এর নাম দিয়েছে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে সীমিত সংখ্যায় এই বিশেষ সংস্করণের স্মারক পাসপোর্ট বিতরণ শুরু হবে। প্রাথমিকভাবে ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এটি পাওয়া যাবে এবং মজুত থাকা পর্যন্তই বিতরণ করা হবে।

বিশ্লেষকদের মতে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও দৃশ্যমান করার উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন সরকারি ভবনের বাইরে তার ছবি-সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া ট্রেজারি বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে এক ডলারের নোটেও তার স্বাক্ষর সংযোজনের পরিকল্পনা রয়েছে।

নতুন এই স্মারক পাসপোর্ট কার্যকর হলে দায়িত্বে থাকা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রতিকৃতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরকারি ভ্রমণ নথিতে স্থান পাবে।