Image description

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এরপর জঙ্গিদের আস্তানায় ‘পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক’ হামলা চালানো হয়। এতে ২৯ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

রোববার (২৮ জুন) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এপির।

তিনি জানান, দেশজুড়ে একাধিক সন্ত্রাসী হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব সহিংস ঘটনার বেশিরভাগের জন্য দায়ী পাকিস্তানি তালেবান, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত।

এর এক দিন আগে বন্দুক ও বিস্ফোরক নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরে হামলা চালায়। এতে তিন রেঞ্জার্স সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করে এবং আহত অবস্থায় আরও একজনকে গ্রেফতার করে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই গ্রেফতার ব্যক্তি আফগান নাগরিক। শনিবার (২৭ জুন) রাতে দেওয়া এক বিবৃতিতে করাচির ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান থেকে বিচ্ছিন্ন হওয়া গোষ্ঠী জামাত-উল-আহরার।