Image description

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেল জাপান। দলের প্রধান তারকা এবং ‘জাপানের মেসি’ খ্যাত তাকেফুসা কুবো ইনজুরির কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না। সোমবার হিউস্টনে অনুষ্ঠিতব্য নকআউট ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জাপানি কোচ হাজিমে মোরিয়াসু।

স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের এই উইঙ্গার জাপানের আক্রমণভাগের মূল ভরসা। তবে আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করার দিন হাঁটুতে চোট পান তিনি। সেই চোট কাটিয়ে উঠতে না পারায় গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচেও তিনি খেলতে পারেননি। জাপানি সমর্থকদের আশা ছিল নকআউট পর্বে দলের সেরা তারকাকে পাওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেই আশা অপূর্ণই থাকছে।

কোচ মোরিয়াসু জানান, কুবো বর্তমানে দলের সঙ্গে হিউস্টনে না গিয়ে ন্যাশভিলে অবস্থান করছেন এবং সেখানে তার ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কুবো সম্পর্কে কোচ বলেন, "সে এখনও ব্যক্তিগতভাবে দৌড় ও হালকা অনুশীলন করছে। সে দ্রুত ফিরতে চাইলেও ব্রাজিলের বিপক্ষে খেলার মতো ফিট নয়। আমরা তাকে ছাড়া মাঠে নামতে বাধ্য হচ্ছি।"

কুবোকে না পেলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না 'সামুরাই ব্লু'রা। ব্রাজিলকে বিশ্ব ফুটবলের শীর্ষ দল হিসেবে মানলেও নিজেদের আন্ডারডগ হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন মোরিয়াসু। তিনি বলেন, "কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও আমরা ইতিহাস বদলাতে চাই। গত বছরও কেউ ভাবেনি আমরা এতদূর আসব, কিন্তু আমরা প্রমাণ করেছি। এবারও আমরা বিশ্বকে চমকে দিতে চাই।"

২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার তিক্ত স্মৃতি মাথায় রেখে এবার বিশেষ পরিকল্পনা নিয়েছেন জাপানি কোচ। তিনি জানান, এবার আর ফুটবলারদের ইচ্ছার ওপর টাইব্রেকারের দায়িত্ব ছেড়ে দেওয়া হবে না। কোচ নিজেই আগে থেকে নির্ধারণ করে দেবেন কে কোন ক্রমানুসারে শট নেবেন।

উল্লেখ্য, ব্রাজিলকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে জাপানের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট অথবা নরওয়ে। সেই ম্যাচটি আগামী ৫ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর