বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর। দলটির হেড কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেছেন, এই ম্যাচে সুপারস্টার নেইমার জুনিয়র আগের চেয়ে অনেক বেশি সময় মাঠে থাকতে পারবেন। সোমবার হিউস্টনে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
পায়ের মাংসপেশির চোটের কারণে গত কয়েকদিন ধরেই মাঠের বাইরে ছিলেন নেইমার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের দিনে তাকে মাত্র ১৫ মিনিটের জন্য বদলি হিসেবে নামানো হয়েছিল। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
রোববার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, "গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে সে ১৫ মিনিটের বেশি খেলার মতো অবস্থায় ছিল না, যা দলের জন্য কিছুটা হতাশাজনক ছিল। তবে এখন সে দীর্ঘ সময় মাঠে থাকার মতো পুরোপুরি ফিট।"
ব্রাজিল এবারের বিশ্বকাপে গ্রুপ 'সি' থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। মরক্কোর সঙ্গে ১-১ ড্র দিয়ে আসর শুরু করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে হারিয়ে ছন্দে ফেরে সেলেসাওরা। দলের হয়ে এখন পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়র ৪টি এবং মাতেউস কুনিয়া ৩টি গোল করেছেন।
উল্লেখ্য, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রায় আড়াই বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচে তার সৃজনশীল ফুটবল ও অভিজ্ঞতা ব্রাজিলিয়ানদের জন্য বড় শক্তি হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments