Image description

বাহরাইনকে চরম সতর্কবার্তা দিয়ে ইরান জানিয়েছে, কোনো ধরনের উসকানি দেওয়া হলে তেহরান মানামার বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী ব্যবস্থা নেবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়তি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে ভেলায়তি বলেন, ‘বাহরাইনকে গুরুতর সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেশটির সীমা কতটুকু তা তাদের জানা উচিত। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলা করা এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা তাদের ঠিক হবে না।’

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে গত শুক্রবার ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটন এই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। তবে বাহরাইনসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো এই অভিযোগ অস্বীকার করেছে।

মানামা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইরানের এসব কর্মকাণ্ড দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের সুযোগকে ক্ষুণ্ন করছে। রোববার (২৮ জুন) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাহরাইনের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তার বিরুদ্ধে এটি তেহরানের ইচ্ছাকৃত ও ধারাবাহিক আগ্রাসনের অংশ।

বিবৃতিতে বাহরাইন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে ২০২৬ সালের ২৮১৭ নম্বর প্রস্তাবের বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমে ইরানের আগ্রাসন বন্ধ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে দেশটি। বাহরাইন আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের অব্যাহত অবজ্ঞার জবাবে এখন দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে গোপন সামরিক সম্পর্কের অভিযোগে শিয়া সংখ্যাগরিষ্ঠ বাহরাইনে বেশ কিছু নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর