ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর মুখপাত্র ও রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে গাড়ি উল্টে এই দুর্ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, আকবরজাদেহ ইয়াজদ থেকে কেরমান প্রদেশের দিকে যাচ্ছিলেন। পথে একটি রাস্তায় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা তাকে দ্রুত একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলেও সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইরানি কর্তৃপক্ষ ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
মোহাম্মদ আকবরজাদেহ আইআরজিসি নৌবাহিনীর একজন অত্যন্ত প্রভাবশালী ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। হরমুজ প্রণালীর নিরাপত্তা ইস্যু, নৌ-প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দেওয়ার ক্ষেত্রে তার বক্তব্য বিশ্বজুড়ে প্রায়ই উদ্ধৃত করা হতো। ২০২৬ সালের শুরুতে নৌচলাচল নিষেধাজ্ঞার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই প্রাণহানির ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর কাছে ড্রোন ও ট্যাংকার ব্যবহার করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ এবং প্রতিশোধমূলক হুমকির কারণে অঞ্চলটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে তার মৃত্যু আইআরজিসি নৌবাহিনীর জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments