ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আগামী বুধবার (১ জুলাই) থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য নির্ধারণ করবে সিস্টেম।
আইভ্যাক জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক আবেদন গ্রহণের নতুন ব্যবস্থা চালু করবে।
নতুন ব্যবস্থায় প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় বরাদ্দ করা হবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আলাদাভাবে টাইম স্লট বেছে নেওয়ার প্রয়োজন হবে না।
আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থেকে ভিসা আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আইভ্যাক। সংস্থাটি বলেছে, নির্ধারিত সময় মেনে উপস্থিত হলে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে।




Comments