Image description

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুর্ঘটনার পর ১৯ জন শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, হাসপাতালে নেওয়া শিশুদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত পাঁচজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসের সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। এ সময় নিচতলায় কোচিং সেন্টারের ক্লাস চলছিল। নির্মাণকাজের মধ্যেই হঠাৎ ছাদ ধসে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: জিও নিউজ