Image description

বাংলাদেশের অনুরোধে তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত হওয়ায় চীন এ উদ্যোগে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, এবার প্রকল্পটি সরকার-টু-সরকার (জি-টু-জি) পর্যায়ে এগোবে এবং প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনায় চীনের সেরা বিশেষজ্ঞরা কাজ করবেন। বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে চীন অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

তিস্তা নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, এটি চীনের বিবেচ্য বিষয় নয়; বাংলাদেশ যে সহযোগিতা চেয়েছে, সে অনুযায়ী চীন এগিয়ে এসেছে।

এ ছাড়া বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডর, কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা এবং বিদেশি হস্তক্ষেপের বিরোধিতার বিষয়েও চীনের অবস্থান তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে।