মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার (৩ জুলাই) লেনদেনে সোনার দাম উল্লেখযোগ্য হারে বাড়ে। একই সঙ্গে চলতি সপ্তাহে লাভের দিকেও এগোচ্ছে মূল্যবান এই ধাতু।
আন্তর্জাতিক সময় সকাল ১০টা ৬ মিনিটে প্রতি আউন্স স্পট সোনার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৭৬ দশমিক ২৯ ডলারে। এটি ২৩ জুনের পর সর্বোচ্চ দাম। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ২ শতাংশের বেশি।
অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচার্সে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮৮ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, জুন মাসে দেশটিতে অকৃষি খাতে মাত্র ৫৭ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। অথচ অর্থনীতিবিদরা অন্তত ১ লাখ ১০ হাজার নতুন কর্মসংস্থান হবে বলে ধারণা করেছিলেন। প্রত্যাশার তুলনায় কম কর্মসংস্থান হওয়ায় সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে-এমন সম্ভাবনা কমে গেছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য বলছে, আগে সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ছিল ৬৬ শতাংশ। নতুন তথ্য প্রকাশের পর তা কমে ৫৪ শতাংশে নেমে এসেছে। সাধারণত সুদের হার কম থাকলে সোনায় বিনিয়োগের আগ্রহ বাড়ে।
এদিকে দুর্বল কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর মার্কিন ডলারের মানও কমেছে। ফলে অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠেছে।
অন্যদিকে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, গত মে মাসে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভে আরও ৪১ মেট্রিক টন স্বর্ণ যোগ করেছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই চাহিদা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শক্ত অবস্থানে রাখতে সহায়তা করবে।
শুধু স্বর্ণই নয়, চলতি সপ্তাহে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে।
সূত্র: রয়টার্স।




Comments