Image description

বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২ নিশ্চিত করা আলবিসেলেস্তেরা এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে প্রস্তুত। তবে শুরুর একাদশ ঠিক করতে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পজিশনে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে স্কালোনি একসঙ্গে নয়টি পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলেন। তবে নকআউট পর্বে সেই পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা নেই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ার বিপক্ষে যে মূল একাদশ খেলেছিল, সেটিতেই ফিরছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির ফেরার সঙ্গে আবারও পরিচিত ৪-৪-২ ছকে খেলবে দলটি।

লেফট-ব্যাক পজিশনে রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। তবে তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছেন ফাকুন্দো মেদিনা। অভিজ্ঞতায় তাগলিয়াফিকো এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে মেদিনাও শক্ত প্রতিদ্বন্দ্বী। তাই শেষ মুহূর্ত পর্যন্ত এই পজিশনের সিদ্ধান্ত ঝুলে থাকতে পারে।

রক্ষণভাগের মাঝেও রয়েছে অনিশ্চয়তা। ডান হাঁটুর চোটে ভোগা ক্রিশ্চিয়ান রোমেরো পুরোপুরি সুস্থ না হলে তার জায়গায় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি খেলবেন। সেক্ষেত্রে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে জুটি গড়বেন তিনি।

আক্রমণভাগেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। সেন্টার ফরোয়ার্ড হিসেবে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-দুজনই স্কালোনির ভাবনায় আছেন। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো। তাই শুরুর একাদশে তিনিই কিছুটা এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

অন্য পজিশনগুলোতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। ডান প্রান্তে খেলবেন নাহুয়েল মলিনা। মাঝমাঠে দেখা যেতে পারে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদাকে।

সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার মূল একাদশ প্রায় চূড়ান্ত। তবে লেফট-ব্যাক, সেন্টার-ব্যাক এবং সেন্টার-ফরোয়ার্ড—এই তিনটি পজিশনে স্কালোনির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সমর্থকরা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো/নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ/হুলিয়ান আলভারেজ।