Image description

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা অ্যাকাউন্টের মালিকানা প্রমাণ করতে সমস্যায় পড়ার ঘটনা এখন বেশ সাধারণ। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে 'ভেরিফিকেশন সেলফি' নামে একটি ফিচার চালু করেছে ফেসবুক। এই ফিচার অ্যাকাউন্টের প্রকৃত মালিককে শনাক্ত করতে সাহায্য করে এবং প্রয়োজনে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার প্রক্রিয়াও সহজ করে।

যেভাবে চালু করবেন

প্রথমে ফেসবুক অ্যাপ খুলে ডান পাশের তিন দাগ (Menu)-এ যান।

এরপর Settings & PrivacySettingsAccounts Center নির্বাচন করুন।

এরপর Password and Security-এ গিয়ে Verification Selfie অপশনে প্রবেশ করুন। যে ফেসবুক অ্যাকাউন্টের জন্য ফিচারটি চালু করতে চান, সেটি নির্বাচন করুন।

এরপর Next চাপলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি লিখে আবার Next চাপুন। এরপর Start Selfie-তে ক্লিক করুন।

মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করুন। এ সময় মাথা ডানে-বামে ঘোরানো বা নির্দিষ্ট দিকে তাকানোর মতো কিছু নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। যাচাই সফল হলে ফিচারটি চালু হয়ে যাবে।

তবে শুধু ভেরিফিকেশন সেলফি চালু করলেই অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না—এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও বাড়াতে প্রযুক্তি বিশেষজ্ঞরা কয়েকটি পরামর্শ দিয়েছেন—

  • শক্তিশালী ও অন্য কোথাও ব্যবহার না করা (ইউনিক) পাসওয়ার্ড ব্যবহার করুন।
  • টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখুন।
  • অপরিচিত লিংক বা সন্দেহজনক বার্তায় ক্লিক করবেন না।
  • নিয়মিত Login Activity পরীক্ষা করুন।
  • অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ও মোবাইল নম্বর হালনাগাদ রাখুন।

এই কয়েকটি ব্যবস্থা অনুসরণ করলে ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা অনেকটাই বাড়ানো সম্ভব।