ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার উপস্থিত ছিলেন তার তিন সন্তান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে আজ সকাল ৮টায় অনুষ্ঠিত জানাজার নামাজে অংশ নেন তারা। খামেনির এই তিন সন্তান হচ্ছেন- মাসুদ , মোস্তফা ও মেইসাম খামেনি।
তবে জানাজায় অংশ নেননি খামেনির আরেক সন্তান ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নিরাপত্তার শঙ্কা থেকেই তিনি এতে অংশ নিচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।
যদিও জানাজায় অংশ না নেওয়ার বিষয়ে খামেনি একটি ব্যাখ্যা দিয়েছেন। তা প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি। তিনি বলেছেন, ‘বাবার শাহাদাতের পর তার মরদেহের কাছে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। আমি যা দেখেছি, তা ছিল অবিচলতার এক পর্বত।’
গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত সকালের জানাজায় ইমামতি করেন প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানাজায় যোগ দিয়েছেন লাখ লাখ ইরানি।
প্রেস টিভি আরও জানিয়েছে, আজকের এই জানাজার নামাজ মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম ধাপের জানাজাটি পড়া হয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য।
দ্বিতীয় ধাপে সাইয়্যেদাহ বুশরা হোসাইনি খামেনি, শহীদ মেসবাহ আল-হোদা বাঘেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। আর তৃতীয় ধাপের জানাজাটি পড়া হয় শহীদ নেতার শিশু নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জন্য।
মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। বুধবার কর্মসূচি সীমান্ত পেরিয়ে ইরাকের নাজাফ ও কারবালায় পৌঁছাবে। এরপর বৃহস্পতিবার খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে ঘিরে গত শুক্রবার থেকে তেহরানে নজিরবিহীন আয়োজন শুরু হয়।
সূত্র : আরব নিউজ
মানবকণ্ঠ/এমআর




Comments