Image description

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা শেষে তার মরদেহ রাজধানী তেহরানের ঐতিহাসিক ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে। সেখানে সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেওয়া হবে।

সোমবার (৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার (৫ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষ অংশ নেন। এরপর গ্র্যান্ড মোসাল্লায় তার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকাহত মানুষ।

আল জাজিরা বলছে, ইরানি নেতৃত্বের কাছে এই আয়োজন শুধু শোক প্রকাশের অনুষ্ঠান নয়; বরং এটি জাতীয় ঐক্য ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক। প্রায় চার দশক ধরে দেশকে নেতৃত্ব দেওয়া খামেনির মৃত্যুর পরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া স্বাভাবিকভাবে এগিয়ে চলছে—এ বার্তাই দিতে চায় তেহরান।

আজ ফ্রিডম স্কয়ারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর খামেনির মরদেহ ৭ জুলাই পবিত্র শহর কোমে নেওয়া হবে। এরপর ৮ জুলাই ইরাকের কারবালা ও নজফ শহরে নেওয়া হবে। সবশেষে ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে তাকে দাফন করা হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।