Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ও বড়ভিটা ইউনিয়নের সীমান্তবর্তী রাবাইতারী ও নওদাবাস গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো—রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরশী আক্তার (৭) ও তার সমবয়সী চাচাতো বোন লিমা আক্তার লুসি (৭)। আরশী স্থানীয় আনিসুর রহমানের মেয়ে এবং লুসি নূর হোসেনের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার স্কুল থেকে ফেরার পর বিকেলে দুই বোন একসাথে বাড়ির পাশে খেলতে বের হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা বিচলিত হয়ে পড়েন। এরপর আশপাশের এলাকা ও আত্মীয়স্বজনের বাড়িতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়। পরে রাত ৮টার দিকে বাড়ির পেছনের একটি নালায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মানবকণ্ঠ/ডিআর