ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ (সোমবার) রাজধানী তেহরানে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর ঐতিহাসিক আজাদি স্কয়ারে তার মরদেহবাহী কফিন নিয়ে যাওয়া হবে, যেখানে সাধারণ মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজার পর তার কফিন আজাদি স্কয়ারে নেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আজ ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত কয়েক মাইলজুড়ে শোকমিছিল অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অন্যতম প্রতীক আজাদি স্কয়ারে এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ইরানের রাষ্ট্রীয় কাঠামো ও নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা তুলে ধরতে চাইছে তেহরান।
সরকারি কর্মসূচি অনুযায়ী, আজকের শোকানুষ্ঠান শেষে মঙ্গলবার মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা ও জানাজার আয়োজন শেষে বৃহস্পতিবার ইরানের মাশহাদে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। নিরাপত্তা পরিস্থিতির কারণে চার মাসের বেশি সময় পর তার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। জানাজা ও শেষশ্রদ্ধা উপলক্ষে রবি ও সোমবার ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
মানবকণ্ঠ/এমআর




Comments