শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত আবুল কাশেম ফজলুল হক
বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
প্রখ্যাত শিক্ষাবিদ, বিশিষ্ট চিন্তক ও প্রথিতযশা লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সোমবার (৬ জুলাই) সকালে তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হলে সেখানে শ্রদ্ধা নিবেদনের ঢল নামে। প্রিয় শিক্ষক ও লেখককে শেষবারের মতো দেখতে এবং ফুলেল শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন তার বন্ধু, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য শুভানুধ্যায়ী।
শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, “অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন আমাদের সমাজ ও মননশীলতার এক আলোকবর্তিকা। মুক্তবুদ্ধি ও সত্যের পক্ষে তার আপসহীন কণ্ঠস্বর তরুণ প্রজন্মকে আজীবন পথ দেখাবে।” এ সময় তিনি মরহুমের অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখার আহ্বান জানান।
বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি একটি জানাজাও অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।
পারিবারিক সূত্র জানায়, বাংলা একাডেমি থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে বাদ জোহর আরেক দফা জানাজা শেষে গুণী এই ব্যক্তিত্বকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তার দীর্ঘ কর্মজীবনে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বলিষ্ঠ লেখনী ও চিন্তার মাধ্যমে জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। তার প্রয়াণে দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments