Image description

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশে উড়ে যাওয়ার সময় পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি মালবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে কেটু এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ মডেলের কার্গো বিমানটির সঙ্গে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে পাইলট নেভিগেশন সিস্টেমে ত্রুটির কথা জানান। এরপর করাচি এরিয়া কন্ট্রোল সেন্টার (এসিসি) বিমানটিকে নিরাপদে পরিচালনার জন্য নির্দেশনা দিতে শুরু করে। তবে মাত্র তিন মিনিটের মধ্যেই বিমানটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়।

সরকারি তথ্যে বলা হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে অবস্থান করছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্যে দেখা যায়, রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা হচ্ছিল। শেষ মুহূর্তে এটি এক মিনিটেরও কম সময়ে প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে যায়। এরপর ৩০ সেকেন্ডের মধ্যে আবার প্রায় ৬ হাজার ফুট ওপরে উঠলেও পরে ৩৬ হাজার ৫৫০ ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নামতে শুরু করে।

সর্বশেষ রাডার তথ্যে দেখা যায়, বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১ হাজার ১০০ ফুট উচ্চতায় থাকাকালে প্রতি মিনিটে প্রায় ২২ হাজার ৪০০ ফুট বেগে নিচে নামছিল।

নিখোঁজ উড়োজাহাজ ও পাঁচ ক্রুর সন্ধানে আরব সাগরে সমন্বিত তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এপি-বিওআই নিবন্ধিত বোয়িং ৭৩৭-৪এম০ (বিডিএসএফ) উড়োজাহাজটি ২০২৪ সালে কেটু এয়ারওয়েজের বহরে যুক্ত হয়। ১৯৯৯ সালে এটি প্রথমে যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হয়। পরে ২০১২ সালে এটিকে মালবাহী উড়োজাহাজে রূপান্তর করা হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের বহরে পরিচালিত হওয়ার পর কেটু এয়ারওয়েজে যুক্ত হয়।