মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে এখন ‘প্রচুর ঐক্য ও ভালোবাসা’ রয়েছে। যদিও সম্মেলনের শুরুতে তিনি স্পেনের কঠোর সমালোচনা করেন এবং গ্রিনল্যান্ড নিয়ে নতুন করে দাবি তুলে বিতর্কের জন্ম দেন।
বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প স্পেনকে ন্যাটোর ‘খারাপ অংশীদার’ বলে মন্তব্য করেন। ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়ায় দেশটির সমালোচনা করেন এবং স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও বলেন।
এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, ট্রাম্পের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেন, স্পেন একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ।
সম্মেলনে ট্রাম্প ইরানের সঙ্গে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিকে ‘শেষ’ বলে ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় যাওয়ার ইচ্ছা তার নেই।
এছাড়া ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের ওপর আবারও যুক্তরাষ্ট্রের দাবি তুলে ট্রাম্প বলেন, অঞ্চলটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা স্পষ্ট জানিয়ে দেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।
তবে রুদ্ধদ্বার বৈঠক শেষে ট্রাম্পের বক্তব্যে আসে ভিন্ন সুর। তিনি বলেন, ন্যাটো নেতাদের মধ্যে ‘প্রচুর ভালোবাসা ও ঐক্য’ রয়েছে এবং যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গেই থাকতে চায়।
সম্মেলনে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা জোরদারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। একই সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলো সম্মিলিত প্রতিরক্ষার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং ২০২৬ সালে ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।




Comments