Image description

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক জরুরি বার্তায় মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং যেকোনো সময় এর আরও অবনতি হতে পারে। এ কারণে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠী বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক, কূটনৈতিক মিশন বা যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। এ কারণে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এ ছাড়া, নিরাপত্তা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হতে পারে। হঠাৎ ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধ হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে, যা আন্তর্জাতিক ভ্রমণে প্রভাব ফেলতে পারে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য পেতে মার্কিন নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধনের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি হোয়াটসঅ্যাপে US Department of State – Security Updates for US Citizens চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ @TravelGov অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভ্রমণ নির্দেশনা ও নিরাপত্তা সতর্কতা যাচাই করারও পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।