Image description

যুক্তরাষ্ট্র ইরান-সংশ্লিষ্ট আটটি তেলবাহী জাহাজ (ট্যাংকার) ও ১০টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো ইরান, হংকং ও মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত। এগুলো জাহাজ পরিচালনা, মালামাল পরিবহন, নৌযান ব্যবস্থাপনা ও সামুদ্রিক বীমা খাতে কাজ করে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি তাদের সঙ্গে লেনদেনও নিষিদ্ধ থাকবে।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আগেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করে অভিযোগ করেছিলেন, ওয়াশিংটন ইরানের বৈধ তেল বাণিজ্যে বাধা দিচ্ছে। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি বলেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।
মানবকণ্ঠ/এমআর