Image description

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে এনসিপি ভোলা জেলা শাখা। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান বক্তারা বলেন, হবিগঞ্জে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক প্রতিহিংসার এই সংস্কৃতি দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। বক্তারা অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন এনসিপি ভোলা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. এবিএম নুরুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মু. মাকসুদুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, আল আমিন মামুন এবং যুগ্ম সদস্য সচিব সজিব চন্দ্র শংকর।

এছাড়া আরও বক্তব্য রাখেন যুব শক্তি ভোলা জেলার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ, যুব শক্তি ভোলা সদর উপজেলার আহ্বায়ক আতিউর রহমানসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধ করে নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

মানবকণ্ঠ/ডিআর