পাকিস্তানের করাচির কাছে একটি দ্বীপে পর্যটকের ছদ্মবেশে সামুদ্রিক অভিযানের প্রশিক্ষণ নিচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্যরা। স্কুবা ডাইভিং, যুদ্ধকালীন সাঁতার এবং পানির নিচে হামলা চালিয়ে বিভিন্ন অভিযান পরিচালনার কৌশল শেখানো হচ্ছে তাদের। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভিকে এ বিষয়টি নিশ্চিত করেছে ভারতের গোয়েন্দা সূত্র।
সূত্রগুলোর দাবি, করাচি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে চারনা দ্বীপে এ প্রশিক্ষণ চলছে। প্রাকৃতিক সৌন্দর্য ও স্কুবা ডাইভিংয়ের জন্য পরিচিত জনপ্রিয় এই দ্বীপে পর্যটকদের আনাগোনার সুযোগ কাজে লাগিয়ে প্রশিক্ষণরত জঙ্গিদের পর্যটক হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে।
গোয়েন্দা সংস্থাগুলো লস্করের এই বিশেষ সামুদ্রিক শাখাকে ‘দাওয়াহ মেরিন উইং’ অথবা ‘সাদা-ই-হুররিয়ত’ নামে চিহ্নিত করেছে। প্রশিক্ষকদের মধ্যে রয়েছে পাকিস্তানভিত্তিক রাজনৈতিক সংগঠন মার্কাজি মুসলিম লীগের (পিএমএমএল) সদস্যরা, যাকে লস্কর-ই-তৈয়বার একটি ছদ্মবেশী সহযোগী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়।
এর আগেও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) মংলা বাঁধ এবং জঙ্গি সংগঠনটির বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রের সুইমিংপুলে লস্কর সদস্যদের সামুদ্রিক প্রশিক্ষণের তথ্য পেয়েছিল ভারতীয় গোয়েন্দারা। তবে সাম্প্রতিক সামরিক অভিযানে এসবের কিছু স্থাপনা ধ্বংস করা হয়েছিল।
গোয়েন্দা সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ২০০৮ সাল থেকেই লস্করের একটি ছোট সামুদ্রিক ইউনিট সক্রিয় রয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ হামলায় অংশ নেওয়া লস্কর সদস্যরাও সমুদ্রপথে শহরে প্রবেশ করেছিল। বর্তমানে সংগঠনটি সমুদ্রপথে বড় পরিসরে নতুন করে হামলার সক্ষমতা অর্জনে সক্রিয়ভাবে কাজ করছে।
ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে সতর্ক রয়েছে এবং সমুদ্রপথে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় কাজ করছে। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুরে’ পাকিস্তানের মুরিদকে এলাকায় লস্করের সদর দপ্তরসহ ৯টি বড় জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করা ও জঙ্গি সংগঠনে নিয়োগ দেওয়ার অভিযোগে লস্করের একটি নেটওয়ার্কের সন্ধান পেয়ে জম্মু ও কাশ্মীরের ৬টি স্থানে অভিযান চালিয়েছে কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে)। শনিবার (৭ নভেম্বর) বুদগাম, শ্রীনগর, বিজবেহারা, অনন্তনাগের মাত্তান এবং পুলওয়ামার একটি গ্রামে তল্লাশি চালিয়ে সন্দেহজনক নথিপত্র ও ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়।
ডিআর

