মধ্যপ্রাচ্যে আবারও চরম সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থায় ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে প্রতিবেশী দেশ কুয়েতও ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া ওই ড্রোনগুলো মার্কিন সামরিক সরঞ্জাম বা কর্মীদের কোনো ধরনের ক্ষতি করার আগেই সফলভাবে প্রতিহত করা হয়েছে।
বাহরাইনের ঘাঁটিতে হামলার কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার সন্ধ্যায় হরমুজ প্রণালীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে পাল্টা বেশ কয়েকটি হামলা চালায় মার্কিন বাহিনী। এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে এবং আত্মরক্ষার্থে কেশম দ্বীপে অবস্থিত আইআরজিসির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এই আঘাত হানা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (IRNA) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেশম দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি দাবি করেছেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা চালানো হলেও আবাসিক, বাণিজ্যিক বা গুরুত্বপূর্ণ অবকাঠামোগত এলাকার কোনো ক্ষতি হয়নি। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে কুয়েতেও শত্রুপক্ষের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।
বিবৃতিতে কুয়েতি সেনাবাহিনী জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, “দেশের আকাশসীমায় যেকোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার কারণেই ঘটছে।” তবে এই ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কুয়েত কর্তৃপক্ষ।
ডিআর




