মহাকাশে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এক সারিতে দেখা যাবে সৌরজগতের ছয়টি গ্রহ—বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। জ্যোতির্বিদরা একে ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহসমাবেশ বলে অভিহিত করেছেন।
বিশেষজ্ঞদের মতে, শুক্র, বৃহস্পতি ও শনি খালি চোখেই সহজে দেখা যাবে। বুধ দিগন্তরেখার কাছে অবস্থান করবে, তাই পরিষ্কার আকাশ ছাড়া দেখা কঠিন। ইউরেনাস ও নেপচুন দেখতে দূরবীন বা ছোট টেলিস্কোপ প্রয়োজন হবে।
বৃহস্পতি আকাশে তুলনামূলক উজ্জ্বল অবস্থানে থাকবে, শনি শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি অবস্থান করবে। সূর্যাস্তের ৩০–৪৫ মিনিটের মধ্যে এ দৃশ্য সবচেয়ে স্পষ্ট হবে। যদিও গ্রহগুলো বাস্তবে কোটি-কিলোমিটার দূরে, পৃথিবী থেকে দেখা মাত্র মনে হবে তারা এক সরলরেখায় অবস্থান করছে।
জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহ এক লাইনে দেখা গিয়েছিল। পূর্ণাঙ্গ সমাবেশ পরবর্তী ২০৪০ সালের আগে আর হবে না। উত্তর গোলার্ধের দেশগুলোতে এই দৃশ্য তুলনামূলকভাবে বেশি স্পষ্ট দেখা যাবে।
মানবকণ্ঠ/আরআই




Comments