Image description

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ফেসবুক লাইভে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় শিল্পী ইলিয়াস হোসেন নুরের বিরুদ্ধে মামলা  দায়ের করেন।  
 
রোববার (২ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত পরবর্তী তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এ তথ্য জানিয়েছেন।
 
২০২১ সালের ১৯ এপ্রিল শিল্পী ইলিয়াস হোসেন রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 
 
এ মামলায় সম্প্রতি নুরকে অভিযুক্ত করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম।
 
অভিযোগপত্রে নুরকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এরপর মামলাটি বিচারের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেওয়া হয়।