ফেনীর পরশুরামে একটি বিয়ের বাড়িতে আলোকসজ্জার (লাইটিং) কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন মজুমদার (২০) নামে এক তরুণ ইভেন্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন পরশুরাম উপজেলার পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে। তিনি পরশুরাম বাজারের কলেজ রোডে ‘সায়মন্ড ইভেন্ট’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মহেশপুষ্করনী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের স্টেজে লাইটিংয়ের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সাইমন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, বন্ধু-বান্ধব ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল সূত্রে জানা যায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হলে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাতে আপত্তি জানান। এসময় বিপুলসংখ্যক মানুষ হাসপাতালে জড়ো হয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের দাবি জানান। পরে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহতের মায়ের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments