শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারেক আহমেদ সিদ্দিকসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে ‘স্টেট ডিফেন্স’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
এর আগে, সকাল ১০টার দিকে আওয়ামী লীগ শাসনামলে টিএফআই (টাস্কফোর্স ইন্টারোগেশন) এবং জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) বা ‘আয়নাঘর’-এ গুম ও নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় গ্রেপ্তার ১৩ সেনা ও র্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ট্রাইব্যুনালে হাজির করা ১৩ কর্মকর্তা হলেন- র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
এদিন অভিযুক্তদের হাজির করা উপলক্ষ্যে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
মামলার বিবরণে জানা যায়, গত ৮ অক্টোবর পৃথক দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনাসহ ১৭ জন এবং জেআইসি বা আয়নাঘরে গুমের ঘটনায় ১৩ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন ও ব্যারিস্টার হারুন অর রশিদ, ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিনসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
গত ২২ অক্টোবর ১৩ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল।

