রাষ্ট্রপক্ষের করা আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার পক্ষ থেকে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগ দায়ের করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন অভিযোগে উল্লেখ করেন, ‘সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান মন্তব্য করেন যে, তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। তার যুক্তি ছিল, এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। তাই এখানে অন্য কোনো বিচার হতে পারে না।’
টকশোর আরেকটি অংশে বিচারকদের ইঙ্গিত করে ফজলুর রহমান বলেন, ‘এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা তাদের মধ্যে ভেতরে একটা কথা আছে।’
প্রসিকিউটর মোনাওয়ার শুনানিতে বলেন, ‘আইন অনুযায়ী এই ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ ও শান্তির বিরুদ্ধে অপরাধের (Crimes Against Peace) বিচার করতে পারেন। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। ফজলুর রহমান সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এ ধরনের মন্তব্যের আইনি পরিণতি সম্পর্কে অবগত। ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া ও বিচারকাজ নিয়ে ক্রমাগত অবমূল্যায়নমূলক বক্তব্য দিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করছেন।’
অভিযোগ উপস্থাপনের দিন ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর তিনি বিষয়টিকে ‘খুবই গুরুতর অভিযোগ’ হিসেবে অভিহিত করেন এবং তলবের আদেশ দেন।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

