রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানব পাচার মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে কড়া নিরাপত্তায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়।
এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, “যাকে এক সময় এই কর্মকর্তা অকথ্য নির্যাতন করে হত্যা করতে চেয়েছিলেন, তিনিই আজ দেশের বর্তমান প্রধানমন্ত্রী।”
এর আগে সোমবার গভীর রাতে ডিবির একটি বিশেষ দল রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার, প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ ডিএমপিতে ৫টি এবং ফেনী জেলায় ৬টিসহ মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। ফেনীর একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
উল্লেখ্য, এক-এগারোর সময়ের প্রভাবশালী এই সেনা কর্মকর্তা সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন এবং ২০১৮ সালের নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অবসর পরবর্তী সময়ে তিনি জনশক্তি রপ্তানি ব্যবসায় যুক্ত হন, যার সূত্র ধরেই তার বিরুদ্ধে মানব পাচারের এই সুনির্দিষ্ট মামলাটি দায়ের করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments